২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্র হত্যা: শিক্ষার্থী মোহাইমেনুল গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 06:49 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশনে চবি'র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিনকে হত্যার সময় মোহাইমেন ঘটনাস্থলে ছিলেন। ওইদিন পুলিশ ঘটনাস্থল থেকে মোহাইমেনের ব্যাগ ও পরিচয়পত্র উদ্ধার করে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার একটি বাসা থেকে রাত ৯টার দিকে চবি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাইমেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান। রাত সাড়ে ১০টায় সিএমপি সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সকালে মোহাইমেনের বড়ভাই মোমিনুল ইসলামকে নগরীর বাকলিয়া এলাকার চিশিতিয়া মঞ্জিলে তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া তথ্য থেকে ফিরিঙ্গিবাজারে মোহাইমেনের অবস্থান জানা যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ঘটনাস্থলে মোহাইমেনের ব্যাগ, খাতা ও পরিচয়পত্র পাওয়া গিয়েছিল। সেই হিসেবে তাকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে ধারণা করা হচ্ছে। এখনো জিজ্ঞাসাবাদ শুরু হয়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মোহাইমেন ওইদিন ঘটনাস্থলে উপস্থিত ছিরলন। মহিউদ্দিনের সঙ্গে তার কি সম্পর্ক এবং ঘটনায় তার সম্পৃক্ততা যাচাই করা হবে। মোহাইমেনের মাথায় ব্যান্ডেজ বাঁধা দেখে আক্রমণকারীরা তাকেও আঘাত করেছে বলে ধারণা করছে পুলিশ। এ হত্যাকাণ্ডে তিন থেকে চারজন জড়িত থাকতে পারে বলেও মনে করেন তিনি। মোহাইমেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ না করায় মোহাইমেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না তা এখনো পরিষ্কার হয়নি। গত বৃহস্পতিবার রাতে ষোলশহর রেল স্টশনে মহিউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ফেলে রাখে দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমসি/ডিডি/০০৪০ ঘ.