২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি প্রেসিডেন্টকে ঢাবি'র সম্মানসূচক ডক্টরেট

তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 06:22 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুরস্কের অর্থনীতি, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান তুর্কি প্রেসিডেন্টকে 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, "একটি শতাব্দী শেষ হয়ে আরকেটির সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেখছি বিগত শতাব্দীর বহু মূল্যবোধ এখন প্রশ্নবিদ্ধ। শিক্ষা-পরিকল্পনায় ও শিক্ষা বিস্তারের পূর্ববর্তী দর্শন ও নীতি-আদর্শ বর্তমান পরিপ্রেক্ষিতে নতুনভাবে বিন্যস্ত করার প্রয়োজন দেখা দিয়েছে। তবে আগের ধ্যানধারণা সমূলে বিসর্জন নয়, বরং নতুন পুরাতনের মধ্যে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে।" প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেন, "বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত বছর বাংলাদেশ ও তুরস্ক মোট ৬০ কোটি ডলার বাণিজ্য করেছে। অচিরেই আমরা এ বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই।" এ লক্ষ্যে তিনি ঢাকা-ইস্তাম্বুল ফ্লাইট চালুর ঘোষণা দেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রশংসা করে বলেন, ১৯৭৫ সালের পর এদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। '৯০-এর দশকের পর দারিদ্র্যের হার কমেছে প্রায় ২০ ভাগ। এমনকি একুশ শতকে বড় অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাময় ১১ দেশের মধ্যে বাংলাদেশ তালিকাভুক্ত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন তুরস্কের ফার্স্ট লেডি খায়রুন নিসা গুল, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, চিফ হুইপ আব্দুস শহীদ, সংসদ সদস্য রাশেদ খান মেনন, তথ্য কমিশনের চেয়ারম্যান কে. এম. শামীম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা তুর্কি ও বাংলা ভাষায় একটি জনপ্রিয় নজরুল সঙ্গীত পরিবেশন করেন। মূল অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকা থেকে সমাবর্তন শোভাযাত্রা বের হয়। দু'দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের প্রেসিডেন্ট শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০১০ ঘ.