২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জের একটি ইউনিট উদ্বোধন রোববার

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হচ্ছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হচ্ছে রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১ টায় কেন্দ্রটি উদ্বোধন করবেন বলে কেন্দ্রের প্রকল্প পরিচালক রহমত উল্লাহ আহমেদ জানিয়েছেন। প্রকল্প পরিচালক রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাময়িকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহ কমিয়ে নিরবচ্ছিন্নভাবে এই ইউনিটটিকে চালু রাখা হবে। "অপর ইউনিটটি আগামী মার্চ নাগাদ বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে আশা করছি।" কেন্দ্রটির দুটি ইউনিটের প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ১২০ মেগাওয়াট। ক্রমাগত গ্যাস সংকটের কারণে নভেম্বরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা এ ইউনিটটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে কিছুটা বেশি সময় লেগেছে বলেও জানান প্রকল্প পরিচালক। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড রয়েছে প্রকৌশল, সংগ্রহ ও নির্মাণের দায়িত্বে। সিদ্ধিরগঞ্জ কেন্দ্রে ২৪০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হলে তা ময়মনসিংহ (২০০ মেগাওয়াট), সিলেট (১৯৮ মেগাওয়াট) বা রংপুর (১৭৫) অঞ্চলের চাহিদা মেটানোর পাশাপাশি গ্রাহক বাড়ানোর সুযোগ করে দেবে। বিদ্যুৎ সঙ্কটে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি গ্রাহকরাও (প্রায় অর্ধেক জনগোষ্ঠী) ভোগান্তিতে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/জিএনএ/২৩০১ ঘ.