রাজশাহী, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় ক্যাম্পাস ও নগরীর বিভিন্ন স্থান থেকে আরো ১২ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রাজশাহীতে জামায়াত-শিবিরের ৫৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১২ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন।
এরা হলেন- আব্দুল ওহাব, জিয়াউর রহমান, আব্দুস সালাম, আব্দুর রশিদ, আসাদুল ইসলাম, আরমান আলী, জামাল উদ্দিন, কাওসার আলী, মোখলেসুর রহমান, সামশুল হক, আব্দুল গফুর ও বাসির উদ্দিন।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। এদের খুন এবং পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ নিয়ে জামায়াত ও শিবিরের ৫৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। এদের মধ্যে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ ৪৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ৯ ফেব্র"য়ারি রাতে আবাসিক হলে শিবিরের হামলা এবং বিশ্ববিদ্যালয় সম্পদ ভাংচুরের অভিযোগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী বাদি হয়ে অজ্ঞাত শিবির কর্মীদের আসামি করে মতিহার থানায় একটি মামলা করেছেন।
শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে রাবির ঘটনায় ছয়টি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাসে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আর্মড পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি শিক্ষার্থীদের সর্বদা পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24