চাঁদপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর এক কর্মী কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শহরের শপথ চত্বরে মো. মাকসুদ (৩০) নামের এই জামায়াত কর্মী হামলার শিকার হন। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ছোট ভাই তানভীর।
তিনি জানান, মাকসুদ নামাজ পড়তে যাওয়ার সময় একদল উচ্ছৃঙ্খল যুবক তার ওপর হামলা চালায়। তারা প্রথমে মাকসুদকে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
তবে এ ঘটনায় তারা থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেননি বলে তানভীর জানান।
হাসপাতালে মাকসুদকে দেখতে আসা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, "আমরা আহত মাকসুদকে দেখেছি। তার পরিবারের লোকজন সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ করেনি।"
চাঁদপুর সদর মডেল থানার আরেক এসআই মনির আহমেদ বলেন, "আমরা শুনেছি কে বা কারা মাকসুদকে মারধর করেছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।"
যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য চাঁদপুর সদর হাসপাতাল, শপথ চত্বর, বাসস্ট্যান্ড, নতুনবাজার, চিত্রলেখা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় শুক্রবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছাত্রলীগ মিছিল বের করলে তাতে হামলা চালায় শিবিরকর্মীরা। এ ঘটনায় জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চাঁদপুর শহরের শিবিরের পূর্ব নির্ধারিত মিছিল কর্মসূচি বাতিল করা হয়। তবে ছাত্রলীগ কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24