২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৮৬ নেতাকর্মী রিমান্ডে

চট্টগ্রামে পুলিশের মামলায় গ্রেপ্তারকৃত ৮৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে দুই দিনের আইনি হেফাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের মামলায় গ্রেপ্তারকৃত ৮৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে দুই দিনের আইনি হেফাজতে পাঠানো হয়েছে। শনিবার বিকালে মহানগর হাকিম আজিজুল হক এ আদেশ দেন। পুলিশের ওপর হামলা, কাজে বাধা, বিস্ফোরণ ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে মামলাটি করা হয়। হেফাজতে নেওয়া আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর আহসানউল্লাহ, জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা লুৎফর রহমান ও পাহাড়তলী থানা সভাপতি আব্দুল হান্নান। শুনানির পরবর্তী তারিখ ধার্য হয়েছে ২৮ ফেব্রুয়ারি। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে সাত দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় গ্রেপ্তারকৃত ৮৬ জন আসামির জন্যই দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজুর আহমেদ আনসারী। কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. জহিরুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ৮৫ জন গ্রেপ্তারের পর এই মামলায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়। ৮৬ জনের বাইরে এ মামলায় নাম উল্লেখ করা বাকি দশ আসামি পলাতক রয়েছেন বলেও জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রথম দিকে দেড় হাজার জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করে মামলা দায়েরের পর এ সংখ্যা আড়াই হাজার করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এজহারভুক্ত পলাতক দশজন আসামির মধ্যে সাতকানিয়ার সংসদ সদস্য ও জামায়াতের চট্টগ্রাম মহানগর আমীর শামসুল ইসলাম, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনম মুনির আহমদ, শিবিরের মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীরর ষোলশহর স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র এএএম মহিউদ্দিন মাসুমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তাকে নিজেদের কর্মী দাবি করে শিবিরের সমাবেশের এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে ১০ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কোতয়ালি থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএল/জিএনএ/২০২৫ ঘ.