রংপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির দু'গ্র"পের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের কারণে সম্মেলন পণ্ড হয়ে গেছে।
শনিবার দুপুরে গঙ্গাচড়া হাইস্কুল মাঠে সম্মেলনস্থলে এই সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীদের বরাত দিয়ে গঙ্গাছড়া থানার ওসি মো. আমান উল্লাহ সাংবাদিকদের জানান।
এদের মধ্যে বিএনপি সমর্থক আব্দুল গফুর ও তার সহোদর মো. শামীম নামের দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি জানান, উপজেলা বিএনপির একাংশের নেতা এরশাদ হোসেন তার সমর্থকদের নিয়ে উপজেলা হাইস্কুল মাঠে সম্মেলনের প্রস্তুতি নেন।
দুপুর ২টায় সম্মেলন শুরু হলে অপর অংশের নেতা ওয়াহিদুজ্জামান মাবুর সমর্থকরা সম্মেলনস্থলে গিয়ে হইচই ও সভামঞ্চ ভাংচুর করে। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে সম্মেলনে আসা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহিদা বেগম জ্যোস্না, জেলা যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম মিজুসহ বেশ কয়েকজন নেতা স্কুলের একটি কক্ষে আশ্রয় নেন।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া নেতাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপি নেতা আখেরুজ্জামান মিলন সাংবাদিকদের কাছে দাবি করেন, এই সম্মেলনের কথা উপজেলার অধিকাংশ নেতাকর্মী জানত না। এভাবে গোপনে নেতা হবার জন্য সম্মেলন করার কারণে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়ে সম্মেলন পণ্ড করে দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের না জানিয়ে সম্মেলন করার প্রস্তুতি নেওয়ায় কর্মী-সমর্থকরা তা পণ্ড করে দেয়।
তবে অপর যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন অভিযোগ অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24