রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় এক ছাত্রের মৃত্যু এবং অর্ধশত আহত হওয়ার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।
৮ অক্টোবর রাতে ইসলামী ছাত্র শিবিরই প্রথম হামলা শুরু করে বলে দাবি করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সহিংসতা নিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য তুলে ধরে।
সম্মেলনে জানানো হয়, ওই ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৮ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় এক ছাত্র নিহত এবং পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের লাশ পরদিন শাহ মখদুম হলের পাশের নর্দমা থেকে উদ্ধার করা হয়।
অধ্যাপক সোবহান বলেন, ৮ অক্টোবর রাতে ক্যাম্পাসের বাইরের স্টেশন বাজার, বধ্যভূমি, চারুকলা, কড়ইতলায় সন্দেহজনক লোকজন জড়ো হওয়ার খবর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানানো হয়।
"তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিলো, সর্বোচ্চ ফোর্স ক্যাম্পাসে নিয়োগ আছে। মহানগর পুলিশ কমিশনার নিজে ক্যাম্পাস ঘুরে রাত ১২টার দিকে যাওয়ার সময় বলেছিলেন, 'ক্যাম্পাসের পরিস্থিতি সম্পূর্ণভাবে পুলিশের নিয়ন্ত্রণে, দুশ্চিন্তার কারণ নেই।' কিন্তু রাত দেড়টার দিকে হামলা শুরু হয়।"
পুলিশের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবদুর রহমান বলেন, "পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে।"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে দুই কর্মকর্তাসহ নয় পুলিশ সদস্যকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুলিশ প্রধান নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, পুলিশের বিরুদ্ধে গাফিলতির কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।
উপাচার্য জানান, সহিংসতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তা জানানো হয়। রাত ৩টার দিকে কর্তৃপক্ষ বিভিন্ন হলে গিয়ে আহতদের উদ্ধার করে।
তিনি বলেন, "শাহ মখদুম হলের টিভি কক্ষ থেকে হলের বাইরে পর্যন্ত রক্তের দাগ দেখে কাউকে হত্যার পর সরিয়ে নেওয়া হয় বলে প্রশাসনের সন্দেহ হয়। তা পুলিশকে জানালো হলে সকালে ম্যানহোলে ফারুকের লাশ পাওয়া যায়।"
পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের শৈথিল্য ছিলো না বলে দাবি করেন উপাচার্য।
তবে ছাত্রদের ওপর হামলার সময় প্রশাসনের কর্তা-ব্যক্তিরা হলে না থাকার বিষয়ে তিনি বলেন, তখন পুলিশ হলে ছিলো এবং এর আগেই তারা বলেছিলো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।
সংঘর্ষ শুরুর জন্য ছাত্র শিবিরকে দায়ী করে আব্দুস সোবহান বলেন, "৮ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিজের বরাদ্দ পাওয়া সিটে আসাদুজ্জামান উঠতে গেলে তাকে মারধর করে শিবিরকর্মীরা। তার বন্ধু কাউসার রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। এরপর ঘণ্টা খানেক ধরে ক্যাম্পাসে শিবিরের নৃশংসতা চলে।"
বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে ছাত্র শিবির পরিকল্পিতভাবে ওই হামলা চালায়- এ অভিযোগ করে উপাচার্য বলেন, "প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির মনস্তাত্বিকভাবে কোণঠাসা হয়ে থাকে। এজন্য তারা হিংস্র হয়ে উঠে, রক্তপাতের পথ বেছে নিতে কুণ্ঠাবোধ করে না। এরই অংশ হিসেবে ওই রাতে ছাত্রলীগকর্মী ও ঘুমন্ত সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় তারা।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপাচার্য। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এম নূরুল্লাহ, নিবন্ধক এমএ বারী, কোষাধ্যক্ষ আবদুর রহমান, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার প্রমুখ।
এদিকে শনিবার শের ই বাংলা হলে দুটি বোমা পাওয়া গেলেও ক্যাম্পাস ছিলো শান্ত। তবে অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি, হলে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আবাসিক হল ও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মহানগর পুলিশ কমিশনার নওশের আলী সকালে বিভিন্ন হলে যান। হলে মোতায়েন পুলিশ সদস্যদের সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরো বলেন, কেউ জামায়াত-শিবিরের সমর্থক থাকলে চাকরি ছেড়ে বাড়ি চলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.
bdnews24