২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত পরিচালিত মাদ্রাসা ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 08:02 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার হামলা হয়েছে। হামলার পর সেখানে গিয়ে আটটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার দুপুরে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া ক্যাডেট মাদ্রাসায় একদল ব্যক্তি হামলা চালায়। হামলাকারীরা মাদ্রাসার চারটি কক্ষ ভাংচুর করে। এতে জহিরুল ইসলাম (২৭) ও জয়নাল আবেদীন (২৮) নামে দুই শিক্ষক আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, হামলার খবর পেয়ে ক্যাডেট মাদ্রাসায় গিয়ে আটটি বোমা উদ্ধার করা হয়। কারা এ হামলা চালিয়েছে- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি বলেন, হামলাকারীরা মুখোশ পরে এসেছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। এদিকে শুক্রবার মধ্যরাতে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের পাশ থেকে তিনটি বোমা উদ্বার করেছে পুলিশ। এর আগের রাতেই জামায়াতে ইসলামী পরিচালিত রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাসে একটি বোমা বিস্ফোরণের পর এক শিক্ষক ও শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.