২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষে ৩০ জন আহত

চাঁদপুরের হাইমচর উপজেলা সদরে একটি দোকান বিক্রিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

চাঁদপুর, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলা সদরে একটি দোকান বিক্রিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত হাফেজ আহমেদ (২৫), নুরুল ইসলাম (২৫) ও হারুন (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তার খান, জিকু সরদার, আইয়ুব সরদার, সোহেল পাটওয়ারী, টেলু পাটওয়ারী, সোহেল সরদার, রুবেল খান, রিপন, রাসেলসহ আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হাইমচর থানার ওসি আবদুস সামাদ জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ হারুনের দোকানে তালা লাগিয়ে চাবি রেখে দিয়েছে। দুপুরে চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সিরাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন বলে তিনি জানান। স্থানীয়রা জানান, হাইমচর উপজেলা সদরের আলগী বাজারের মুদি দোকানদার হারুন একটি দোকানঘর বছর খানেক আগে সোহেল পাটওয়ারীর কাছে দুই লাখ টাকায় বিক্রি করেন। পরে হারুন দোকান বিক্রি করবে না বলে সোহেলকে জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকবার এলাকায় সালিশ বৈঠক হলেও সুরাহা হয়নি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সোহেল লোকজন নিয়ে দোকান বুঝিয়ে দেওয়ার জন্য হারুনকে অনুরোধ করে। এ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে সংঘাত বাধে। এ সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে। সোহেল পাটওয়ারী সাংবাদিকদের বলেন, এক বছর আগে বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে হারুনের কাছ থেকে দোকানটি কেনেন তিনি। কিন্তু তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। টাকাও ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে কথা বলতে গেলে হারুন উত্তেজিত হয়ে তার লোকজনের উপর চড়াও হয়। তবে সোহেলের কাছে দোকান বিক্রির কথাই অস্বীকার করছেন হারুন। তিনি বলেন, দোকানটি তিনি সোহেল পাটওয়ারীর কাছে বিক্রি করেননি। অন্যের কাছে বিক্রি করেছেন এবং সে টাকাও ফেরত দেওয়া হয়েছে। সোহেল জোরপূর্বক লোকজন নিয়ে তার দোকান দখল করে লুটপাট করতে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৯২৫ ঘ.