টাঙ্গাইল, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রশিবিরের বিরুদ্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চিরুণী অভিযানের নির্দেশের পর টাঙ্গাইলের করটিয়া সা'দত কলেজের পাশের বিভিন্ন মেস থেকে ১৪ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে আটক ওই ১৪ জনের সবাই সা'দত কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
তারা হলেন- আবু রায়হান, ইয়াকুব আলী, আব্দুর রহিম, আতিকুর রহমান, রেজাউল করিম, লিয়াকত হোসেন, শেখ ফরিদ সুমন, সোহাগ হোসেন, রতন আহমেদ, আমিনুল ইসলাম, মো. এসখেন, ইমরুল হোসেন, সিদ্দিকুর রহমান ও মাসুদ রানা।
তাদের আটকের কারণ জানতে চাওয়া হলে সদর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানায় আনা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা নিহত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিবির উৎখাতে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৪০ ঘ.
bdnews24