ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের পাগলায় গুলি করে ও কুপিয়ে একটি ব্যাবসা প্রতিষ্ঠানের ১৯ লাখ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ সময় গণপিটুনিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী নিহত ও আরও দু'জন আহত হয়েছে।
ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যাবসা প্রতিষ্ঠানের দু' কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
আহত কর্মচারী ও ছিনতাইকারীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ব্যস্ততম ব্যবসায়িক এলাকা পাগলা তালতলায় এ ঘটনা ঘটে।
শাহ সিমেন্টের পরিবেশক মোল্লা এন্টারপ্রাইজের দুই কর্মচারী রাজু আহম্মেদ (২৫) ও আব্দুল মান্নান (৫০) ১৯ লাখ টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকের পাগলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল পৌনে ৫টায় তালতলা এলাকায় মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
দু'পক্ষের মধ্যে কিছুক্ষণ টানা হেচড়ার পর ছিনতাইকারীরা রাজু আহেম্মদের গলায় গুলি করে ও আব্দুল মান্নানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা ফাঁকাগুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল তাদের ধাওয়া করে। পরে এলাকাবাসী তিন ছিনতাইকারীকে ঘিরে ফেললে তারা টাকার ব্যাগটি ছুঁড়ে ফেলে দেয়। বিক্ষুদ্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ওসি জানান, টাকা উদ্ধার হয়নি। তবে সাত রাউন্ডগুলি ভর্তি দুটি রিভলবার উদ্ধার করা হয়েছে ছিনতাইকারীদের কাছে থেকে।
তিনি জানান, পুলিশ মুর্মূর্ষ অবস্থায় তিন ছিনতাইকারীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শ' শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর অজ্ঞাতনামা (৪০) এক ছিনতাইকারীর মুত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। বাকি দু'জন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ফতুল্লার পাগলায় দেশের অন্যতম রড, সিমেন্ট ও ইটের পাইকারী ব্যবসায়িক এলাকায় গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24