ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাদী উপস্থিত না হওয়ায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ আবারো পেছানো হয়েছে।
আগামী ১৮ মার্চ নতুন তারিখ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ এ তারিখ দেন।
পাশাপাশি মামলাটির সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে সাক্ষী হিসেবে বাদি হাজির না হওয়ায় বিচারক পুলিশ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাক্ষীকে দ্রুত হাজির করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন।
পেশকার রফিকুল ইসলাম জানান, পুলিশের মহাপরিদর্শক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালককে বাদীর হাজিরার ব্যাপারে তাগিদ দিয়েও কোনো লাভ হয়নি।
পরিপ্রেক্ষিতে বিচারক এ মামলার ১ নম্বর সাক্ষী ও মামলাটির বাদি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পুলিশ সুপার আলী হায়দারের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরশাদ ছাড়া মামলার অপর অভিযুক্তরা হলেন- বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, বিমানবাহিনীর সাবেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, ইউনাইটেড ট্রেডার্সের এ কে এম মুসা।
এদের মধ্যে এদিন এরশাদের পক্ষে হাজিরা দেন তার আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। মামলার অপর আসামি সুলতান মাহমুদ আদালতে হাজির ছিলেন। মমতাজ উদ্দিন আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।
এ কে এম মুসা পলাতক রয়েছেন।
১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর '৯২ সালের ৪ এপ্রিল ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো।
এতে অভিযোগ আনা হয়, রাষ্ট্রপতি থাকার সময় এরশাদ ক্ষমতার অপব্যবহার করে অপর অভিযুক্তদের যোগসাজশে ফ্রান্স থেকে না কিনে অপেক্ষাকৃত বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে রাডার কেনেন। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯শ' ১৮ টাকার ক্ষতি হয়। এর মাধ্যমে অভিযুক্তরা সরকারি টাকা আত্মসাৎ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এএল/জিএনএ/২১১৯ ঘ.
bdnews24