ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ কার্যক্রম সরাসরি প্রচার করতে টিভি চ্যানেল হচ্ছে। ওই চ্যানেলের নাম হবে 'সংসদ বাংলাদেশ'।
বৃহস্পতিবার বিকালে সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
পরে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, "সংসদ সদস্যরা সবাই এ বিষয়ে একমত হয়েছেন। সারাদেশের মানুষ যাতে সংসদের কার্যক্রম দেখতে পারে সেজন্য টিভি চ্যানেল প্রয়োজন। সংসদ সদস্যদের এ সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত।"
এর আগে বেনজীর আহমদ প্রস্তাবটি উত্থাপন করে ওই টিভি চ্যানেল স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন।
স্পিকার প্রস্তাবটির পক্ষে কণ্ঠভোট আহ্বান করলে সরকার দলের সদস্যরা 'হ্যাঁ' সূচক ভোটের পক্ষে কণ্ঠ দেন।
বিরোধী দলের সদস্যরা 'হ্যাঁ'-র পক্ষে সাড়া না দিলে 'না'-র পক্ষে কেউ আছেন কিনা- স্পিকারের এমন প্রশ্নেও তারা নিশ্চুপ থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এএল/জিএনএ/১৯৩৭ ঘ.
bdnews24