ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি আয়ের ওপর নির্ভরশীলতা কমাতে নিজস্ব সম্পদ থেকে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর (মূসক) দাতার সংখ্যা পাঁচগুণ বাড়াতে চাচ্ছে সরকার। পাশাপাশি আয়কর দাতার সংখ্যা বাড়াতে চাচ্ছে আরো ১০ লাখ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সরকারের এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, "পৃথিবীটা মুক্তবাজার হয়ে গেছে। পরিবর্তনের সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। তাই নিজস্ব সম্পদ থেকে রাজস্ব আহরণ বাড়িয়ে আমদানি থেকে আয়ের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
"এজন্য আয়কর ও মূসক দাতার সংখ্যা বাড়াতে হবে। আয়কর দাতার সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ এবং মূসক দাতার সংখ্যা সাড়ে ৬ লাখ থেকে ৩০ লাখ করতে হবে।"
রাজধানীর বিয়াম মিলনায়তনে 'মূল্য সংযোজন কর আইন পরিবর্তন ও বাংলাদেশ কাস্টমস ট্যারিফ যৌক্তিকীকরণ' শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্রী।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে সাড়ে ৬ লাখ নিবন্ধিত মূসকদাতা ব্যক্তি/প্রতিষ্ঠানের এ তৃতীয়াংশ মূসক রিটার্ন দাখিল করে থাকে।
মূসক বাড়ানোর উপায় হিসেবে যা যা করার তা করতে হবে জানিয়ে মুহিত বলেন, "এর জন্য বেশি বেশি প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হবে।"
এ লক্ষ্যে ১৯৯১ সালের মূসক আইনে পরিবর্তন আনতে একটি কমিটি গঠন করার জন্য সভায় এনবিআর কর্তকর্তাদের নির্দেশ দেন অর্থমন্ত্রী।
তিনি জানান, কাস্টমস ট্যারিফেও পরিবর্তন আনা হবে।
প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রজমান বলেন, "মূসক দাতার সংখ্যা বাড়াতে হলে এদের সব হিসাবপত্রে সরকারের দৃষ্টি রাখতে হবে। এতে প্রথমদিকে একটু খরচ বেশি হলেও মূসক দাতার সংখ্যা বাড়বে।"
অনুষ্ঠানে রাজস্ব বাড়ানোর জন্য মূসক ও আয়কর দেওয়ার ব্যবস্থা এবং এ সংক্রান্ত আইন-কানুন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ-জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হক বলেন, "প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে মূসক আইনের পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন করতেই হবে। বিদেশি বিনিয়োগকারীরা অনেক সময় অভিযোগ করে বলে, তোমাদের পদ্ধতি অনেক জটিল; সহজ করো না কেন।"
২০০৯-১০ অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬১ হাজার কোটি টাকা।
এর মধ্যে শুল্ক, মূসক ও সম্পূরক শুল্ক মিলিয়ে আমদানি থেকে আয় ধরা হয়েছে ২৩ হাজার ২৩৬ কোটি টাকা। স্থানীয় পর্যায়ে আবগারী শুল্ক, মূসক, সম্পূরক শুল্ক থেকে আয় ধরা হয়েছে ২০ হাজার ৭৩৫ কোটি টাকা এবং আয়কর থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ হাজার ৫৬০ কোটি টাকা।
২০০৮-০৯ অর্থবছরে রাজস্ব আদায় হয় ৫২ হাজার ৫২৫ দশমিক ৬১ কোটি টাকা।
এর মধ্যে শুল্ক, মূসক ও সম্পূরক শুল্ক মিলিয়ে আমদানি থেকে আয় হয় ২০ হাজার ৮৭০ দশমিক কোটি টাকা। স্থানীয় পর্যায়ে আবগারী শুল্ক, মূসক, সম্পুরক শুল্ক থেকে আয় হয় ১৭ হাজার ৩৪২ দশমিক ১৩ কোটি টাকা এবং আয়কর থেকে রাজস্ব আয় হয় ১৩ হাজার ৮৫৮ দশমিক ৯ কোটি টাকা।
বাংলাদেশে ১৫ শতাংশ হারে মূসক প্রয়োগ করা হয়। ১৯৯১ সালে মূসক চালু হওয়ার পর আমদানি ও উৎপাদনশীল খাতে তা প্রয়োগ করা হতো। পরবর্তীতে পাইকারী ও খুচরা ব্যবসা এবং সেবামূলক খাতেও মূসকের ব্যবহার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/১৮১১ ঘ.
bdnews24