২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মৌলবাদীরা'

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই মৌলবাদীরা পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 05:31 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই মৌলবাদীরা পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার বিকালে তিনি সাংবাদিকদের বলেন, ফারুক হোসেন খুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলাও এরই ধারাবাহিকতা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর প্রতিমন্ত্রী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে যান। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার যেন শুরু না হয় সে জন্য তারা এখন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতভর সংঘর্ষের সময় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ সম্পর্কে টুকু বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রগতিশীল ছাত্র সমাজকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোরও আহবান জানান। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, বিভাগীয় কমিশানার হাফিজুর রহমান ভুঞা, মহানগর পুলিশ কমিশনার নওশের আলী, র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক মঈন উদ্দিন মাহমুদ চৌধুরী, জেলা প্রশাসক শেফাউল করিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩১৯ ঘ.