ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষের আপিলের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশের দিন ধার্য করে।
গত রোববার চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেনের আদালতে যমুনা আপিল আবেদন করলে বিচারপতি তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙ্গা বন্ধে ওই রিট আবেদন করা হয়েছিলো, যা খারিজের পর গত বৃহস্পতিবার ভাঙ্গার কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
ছয়তলার অনুমোদন নিয়ে এর চেয়ে উঁচু ভবন নির্মাণের অভিযোগ যমুনা পার্কের বিরুদ্ধে। গত ১৭ জানুয়ারি যমুনা কর্তৃপক্ষকে অননুমোদিত অংশ ভাঙ্গার নির্দেশ দেয় রাজউক।
যমুনা পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল। ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24