২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা: সাহারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহতের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 08:12 AM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহতের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এক সপ্তাহের ব্যবধানে দুটি বিশ্ববিদ্যালয়ে সংঘাতে দুই ছাত্র নিহত এবং মঙ্গলবার ঢাকায় এক ওয়ার্ড কমিশনার এবং এক ব্যবসায়ী খুনের পরও সাহারা দাবি করেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে মঙ্গলবার এক ছাত্র নিহত হয়। ছাত্রলীগকর্মী ফারুক হত্যার জন্য সরকারি দল ছাত্রশিবিরকেই দায়ী করে আসছে। শিক্ষার্থীদের অভিযোগ, সংঘাত থামাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট ছিলো না। বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "মন্ত্রী হিসেবে আমি যে নির্দেশ দিয়েছি তা অবশ্যই মানতে হবে। মন্ত্রীর নির্দেশ শিরোধার্য। না মানলে খেসারত দিতে হবে।" রাজশাহীতে সংঘাতের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে সাহারা বলেন, তদন্তেই সব বেরিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রাজশাহী রওনা হয়েছেন। পুলিশ মহা পরিদর্শক নূর মোহাম্মদও গেছেন। তারা সার্বিক ঘটনার পুরো প্রতিবেদন দেবেন। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সাহারা বলেন, "অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পেরেছি।" একুশে ফেব্র"য়ারি পালন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ওই সভা হয়। মন্ত্রী জানান, একুশে ফেব্র"য়ারি যথাযথ নিরাপত্তা ও সুচারুভাবে পালনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৪০০ ঘ.