কুষ্টিয়া, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুমারা গ্রামে বুধবার সকালে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হবি কবিরাজ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
তিনি চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক নেতা এবং পদ্মা নদীর চরাঞ্চলের পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজুমারা গ্রামের খেয়া ঘাটের কাছে সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি দল ও দৌলতপুর থানার একদল পুলিশ সকাল ৬টার দিকে সেখানে অভিযানে যায়। র্যাব-পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালায়।"
'বন্দুকযুদ্ধ'র এক পর্যায়ে হবি কবিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার সহযোগী সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি বন্দুক, ১২ রাউন্ড গুলি, নয়টি ককটেল ও দুটি তলোয়ার পাওয়া গেছে।
হবির (৪০) বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে। তার লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হবি কবিরাজের বিরুদ্ধে দৌলতপুর থানায় ছয়টি ও রাজশাহীর বাঘা থানায় তিনটি হত্যা মামলা রয়েছে বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০০ ঘ.
bdnews24