ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সঙ্গে কুয়েতের চারটি চুক্তি হয়।
তিনি বুধবার রাত পৌনে ৩টায় জিয়া বিমানবন্দরে নামেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ওই সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা বাসস জানায়, সাংস্কৃতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, পর্যটন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কুয়েতের সঙ্গে চুক্তিগুলো হয়।
সফরে কুয়েতি ব্যবসায়ীদের দেওয়া এক সংবর্ধনা সভায়ও যোগ দেন হাসিনা। তিনি বাংলাদেশে বিনিয়োগ এবং পণ্য আমদানির জন্য তাদের প্রতি আহ্বান জানান।
তিন দিনের সফর শেষে মঙ্গলবার কুয়েত বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান সে দেশের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মুহাম্মদ আল আহমদ আল সাবাহ।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহেদ রেজাসহ কুয়েতের সরকারি কর্মকর্তারাও ওই সময় উপস্থিত ছিলেন।
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ এর পাঠানো একটি বিশেষ বিমানে রোববার কুয়েত যান হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০০ ঘ.
bdnews24