রাঙামাটি, ফের্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে দীঘিনালা-বাঘাইহাট সড়কে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা অনির্র্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
আসন্ন এসএসসি পরীক্ষার কারণে প্রশাসনের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার বিকালে এ সিদ্ধান্ত নেন পরিষদ নেতারা।
এর আগে সকাল থেকে বিকাল পর্যন্ত অবরোধ পালিত হয়।
শান্তিচুক্তি বিরোধী পার্বত্যাঞ্চলের বাঙালি শিক্ষার্থীদের এই সংগঠনের ডাকা অবরোধের প্রথম দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ওই সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। সড়কের প্রধান প্রধান স্থানে অবরোধকারীরা পিকেটিং করে।
এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি আব্দুল কায়ুম বলেন, এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে এবং প্রশাসনের পক্ষ থেকে দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএম হুমায়ুন কবির বলেন, আগামী ১১ ফেব্র"য়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরুর ব্যাপারে পরিষদ নেতাদের সঙ্গে আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহারে সম্মত হন।
সংগঠনটির পাঁচ দফা দাবি হল- বাঙালি ছাত্র পরিষদ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বাঘাইহাট বাজার চালু করা, বাঘাইহাটের ঘটনার ক্ষতিগ্রস্ত বাঙালীদের ক্ষতিপূরণ, বাঙালিদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাঘাইহাটে ভূমি সমস্যা নিরসন।
বাঘাইহাটের সাজেক এলাকায় ভূমি নিয়ে বিরোধের জেরে ২৪ জানুয়ারি স্থানীয় একটি মহিলা সংগঠনের ডাকা অবরোধের সময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের মারধর করা হয় বলে সংগঠনটি অভিযোগ করে।
ওই ঘটনায় বাঙালি ছাত্র সংগঠনটি ২৬ জানুয়ারি বাঘাইছড়ি-দীঘিনালা ও বাঘাইছড়ি-বাঘাইহাট সড়কে আধবেলা অবরোধ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24