সাভার, ফেব্রয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত অর্ধেক রোগীর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে।
সিআরপি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালরি এ টেইলর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
সিআরপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সঠিক ও সহজলভ্য চিকিৎসা সেবার মাধ্যমে মেরুরজ্জুতে আঘাত পাওয়া রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে সিআরপি এ কর্মসূচি হাতে নিয়েছে।
এখানে ভর্তি হওয়া রোগীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি গরীবদের বেছে নিয়ে পঞ্চাশ শতাংশকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে তিনি জানান।
প্রতিবছর গড়ে ৩৫০ জন রোগী মেরুরজ্জুতে আঘাত নিয়ে সিআরপিতে ভর্তি হয় বলে টেইলর জানান।
সিআরপিতে আর্থিক সহায়তাকারীদের সংগঠন 'ফ্রেন্ডস অব সিআরপি'র আজিজ ইউ আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিআরপি'র নির্বাহী পরিচালক এমদাদ মোসলেমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসাধীন রোগী ও বিদেশি কয়েকজন স্বেচ্ছাসেবক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24