ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাবুবাজারে সন্ত্রাসীদের গুলিতে একজন চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার পর বাবুবাজারের আড়ত মালিক ও ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করেছে।
নিহত আফিলউদ্দিন (৩৫) কুষ্টিয়ার ভিআইপি রাইস মিলের মালিক। তিনি বাবুবাজার, রামপুরা, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন আড়তে চাল সরবরাহ করতেন।
বাবুবাজারের টিপু সুলতান লেনের একটি বাড়িতে বসবাস করতেন আফিলউদ্দিন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন সাংবাদিকদের জানান, বেলা সোয়া ৩টার দিকে বাড়ির গেটের সামনে দুটি মটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
কোতয়ালী থানার ওসি সালাহউদ্দিন বলেন, "তাকে কে বা কারা হত্যা করেছে পুলিশ এখনো তা নিশ্চিত হতে পারেনি। ছিনতাই, না পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।"
আফিলউদ্দিনের প্রতিবেশী শহিদুল ইসলাম জানান, ঢাকার বিভিন্ন আড়তে আফিলউদ্দিন প্রতিদিন ২০-২৫ লাখ টাকার লেনদেন করতেন। এই টাকার জন্যই সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এজে/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24