ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র নিহতের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার রাতভর ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার পর মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্র শিবির পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওপর হামলা চালায়।
টুকু বলেন, রাজশাহীর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। পুলিশ মহাপরিদর্শককে রাজশাহীতে যেতে বলা হয়েছে।
"নির্দেশ দিয়েছি ভবিষ্যতে যাতে সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের গ্রামে সন্ত্রাসীদের খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা নিতে।"
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও কাজলা এলাকায় ছাত্র শিবিরের শক্ত অবস্থান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, "ছাত্রশিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজশাহীতে ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে। একজন শিক্ষার্থী নিহত হয়েছে। শুনতে পেয়েছি, আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৭-১৮ জন চিকিৎসাধীন রয়েছে।"
তিনি বলেন, একটি মহল এ দেশকে অকার্যকর করার চিন্তা করে আসছে আগে থেকেই। বঙ্গবন্ধু হত্যার পর থেকে তা শুরু হয়। সরকার অনেক বাধা পেরিয়েও রায় কার্যকর করেছে। এখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে।
"এ বিচার বাধাগ্রস্ত করতেই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে", জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন তিনি।
হলের নিয়ন্ত্রণ নিয়ে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘাত বাধে। রাতভর চলা ওই সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক। গ্রেপ্তার করা হয় ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে।
মঙ্গলবার সকালে শাহ মখদুম হলের পেছনের নর্দমা থেকে ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। শিবিরকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে।
এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত এক শিক্ষার্থী নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/১৭০০ ঘ.
bdnews24