২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে মুখোমুখি ছাত্রলীগ-শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ এবং জামায়াত ইসলামী সমর্থক ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 10:32 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ এবং জামায়াত ইসলামী সমর্থক ছাত্রশিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চবি শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করলে ছাত্রশিবিরও পাল্টা মিছিল বের করে। দুপুরের কিছু আগে থেকেই বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বর, সোহরাওয়ার্দী হল, শাহ আমানত হল ও শাহজালাল হলের গেটে ছাত্রলীগ কর্মীরা জড়ো হতে শুরু করে। ভেতরে অবস্থান নেয় ছাত্রশিবির কর্মীরা। দুপুর ১টায় সোহরাওয়ার্দী হলের বাইরে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করে কিছুক্ষণের জন্য সরে গেলে হলের ভেতর থেকে ছাত্রশিবির কর্মীরা পাল্টা মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে ক্যাম্পাসের সকল যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে থাকে। ক্যাম্পাসের ভেতরে অনেক দোকান-পাটও বন্ধ করে দেওয়া হয়। তবে সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে সকাল থেকেই প্রক্টরিয়াল বডি, ব্যাপক সংখ্যক র‌্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মতান্ত্রিকভাবেই প্রতিবাদ ও আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয়ে কোনো মৌলবাদী চক্রকে স্থান দেব না।" বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি শামসুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করে যাব। ছাত্রলীগ অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করা পাঁয়তারা করছে।" বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন পুলিশ, ১ প্লাটুন র‌্যাব ও ১ প্লাটুন আমর্ড পুলিশ মোতায়েন রয়েছে। তিনি জানান, ছাত্রলীগ-ছাত্রশিবির মিছিল পাল্টা মিছিল করলেও দুপুর পর্যন্ত কোনো সংর্ঘষের ঘটনা ঘটেনি। ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কয়েকটি হলের বাইরে এবং শিবির কর্মীরা হলের ভেতরে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ জসীমউদ্দিন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো সংঘর্ষ যেন না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/এমআই/১৬২৫ ঘ.