ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি লাইসেন্সবিহীন রিক্রুটিং এজেন্সি থেকে ৪৯৮টি পাসপোর্ট উদ্ধার করেছে র্যাব।
এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক আকতার হোসেন ও তার পাঁচ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যায় ডিআইটি রোডের আজাদ টাওয়ারের গোলাম রাব্বী ইন্টারন্যাশনাল থেকে উদ্ধার করা পাসপোর্টগুলোর বেশিরভাগই মেয়েদের বলে র্যাব জানিয়েছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বেশকিছু ভুয়া রিক্রুটিং এজেন্সি বিদেশে মানুষ পাঠানোর নামে প্রতারণা করছে- এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়েছি।"
এখান থেকে উদ্ধার করা পাসপোর্টের কয়েকটি বাদে সবগুলোই মেয়েদের। তাদের মরিশাসে পাঠানো হচ্ছিল বলে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়।
এদের শ্রমিক হিসেবে পাঠানোর পেছনে অন্যকোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়া বিদেশে লোক পাঠানোর ব্যবসা করে আসছে বলেও র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/০০০৯ ঘ.
bdnews24