মানিকগঞ্জ, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস সুবিধা অব্যাহত থাকার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে বায়োগ্যাস প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, "দেশের বেশির ভাগ মানুষই গ্যাস সুবিধা পান না। যারা এ সুবিধা পাচ্ছেন তারা কতদিন তা পাবেন তা নিয়েও আশংকা দেখা দিচ্ছে। কারণ দ্রুত শেষ হয়ে আসছে গ্যাসের মজুদ। গরুর গোবর (বর্জ্য) থেকে সহজেই জ্বালানি হিসেবে বায়োগ্যাস ও জৈবসার পাওয়া যেতে পারে।"
সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বিদ্যালয় মাঠে ট্রাস্ট ব্যাংক-এর বায়োগ্যাস প্ল্যান্ট অর্থায়ন কর্মসূচির উদ্বোধনকালে আতিউর এ কথা বলেন।
তিনি মনে করেন, বায়োগ্যাস প্রযুক্তিই বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি খাদ্য, জ্বালানি ও সার সমস্যার পরিবেশসম্মত সমাধান দিতে পারে।
আতিউর বলেন, দেশে পরিবেশসম্মত বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি মোকাবেলার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার একটি পুন:অর্থায়ন স্কিম ঘোষণা করেছে।"
তিনি বলেন, সৌরশক্তি, বায়োগ্যাস ও শিল্প বর্জ্য পরিশোধন খাতে ব্যাংকগুলোর অর্থায়নকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রথম সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন খাতে অর্থায়ন শুরু করেছে।
আতিউর বলেন, বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন স্কিমের আওতায় সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস কেন্দ্র স্থাপনে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ শতকরা ১০ ভাগ সুদে তিন লাখ টাকা ঋণ পাবেন। আর বায়োগ্যাস কেন্দ্র স্থাপনে ৩৬ হাজার টাকা ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া পল্লী এলাকায় সৌর প্যানেল স্থাপনে সর্বোচ্চ ৭০ হাজার টাকা এবং শহরে এক লাখ ৭৫ হাজার টাকা ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।
জেলা প্রশাসক জি এম সালেহ্্ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সারোয়ার, ইডিসিএল-এর চেয়ারম্যান রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, ট্রাস্ট ব্যাংকের এসএমই বিভাগের প্রধান টি আই এম রওশন জাদিদ ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক উপস্থিত ছিলেন।
এরপর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কৃষকভোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24