চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ নয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিজান, আক্তার হোসেন, জাবেদ আলী ও পিচ্চি বাবুল।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বাবুল আক্তারের নেতৃত্বে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এএসপি বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ জানুয়ারি হাটহাজারীর চারিয়া বাজারের দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় এ নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন অনুসন্ধান শেষে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত বেশকিছু কাটার, কোরাবালী, স্লাইড রেঞ্জ ও লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাটহাজারীর চারিয়া বাজারের ঘটনাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও কুমিল্লায় বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এএল/২০১৭ ঘ.
bdnews24