ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তার বিচারের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সরা।
রোববার তারা এ ধর্মঘটের ডাকে।
নার্সদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নে তা আশিকুল আলম বাবলু শনিবার সন্ধ্যায় তাদের এক সহকর্মীকে মারধর করেন।
বাবুল বর্তমানে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
হামলার শিকার পিয়ারা বেগম সাংবাদিকদের জানান, বাবলু শনিবার সন্ধ্যায় এক রোগীকে তার প্রতিষ্ঠানের তৈরি ইনজেকশান দেওয়ার জন্য তাকে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে বাবলু ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।
এ ব্যাপারে পিয়ারা বেগম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, মামলাটি এখনো পর্যন্ত নথিভুক্ত করা হয়নি।
বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
তবে বাংলাদেশ ডিপ্লোমা নার্স এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ফেরদৌসী বেগম জানান, হামলাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুল আমীন জানান, অভিযোগ করা হলেও পুলিশ দোষীকে গ্রেপ্তার করছে না। ফলে নার্সরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে।
তবে জরুরি বিভাগে নার্সরা দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24