২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বার: আদালত পাড়ায় নির্বাচনী হাওয়া

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের হাওয়ায় এখন আদালত পাড়া সরগরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 04:14 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের হাওয়ায় এখন আদালত পাড়া সরগরম। শুক্রবার প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও এর সমমনা দল সমর্থিত সাদা দল। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দলও প্রার্থী ঘোষণা করেছে এরইমধ্যে। প্রার্থীরা ব্যস্ত ভোট প্রার্থনায়। ২৫টি সদস্যের প্রার্থী তালিকায় সাদা দলে হাবিবুর রহমান সভাপতি এবং নজিবুল্লাহ হিরু সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন। নীল দল থেকে মনোনয়ন পেয়েছেন সভাপতি পদে সানাউল্লাহ মিয়া এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার জাহিদ ভুঁইয়া। আগামী ২৪ ও ২৫ ফেব্র"য়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোতে নির্বাচনের ফল পর্যালোচনায় দেখা যায়, সরকার বিরোধী দলের প্রার্থীরাই আইনজীবী সমিতির নির্বাচনে প্রাধান্য পেয়ে আসছেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় যেমন সাদা দলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তেমনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন নীল দলের প্রার্থীরা । তবে এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রায় একমাস আগে থেকেই আইনজীবীদের চেম্বারে চেম্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিএনপি সমর্থিত সানাউল্লাহ মিয়া বলেন, "আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আদালতে অনেক অনিয়ম দুর্নীতি রয়েছে। হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকার যে অনিয়ম করছে তার ব্যাপারে আমরা প্রতিবাদ করবো।" তবে সাদা দলের সভাপতি প্রার্থী হাবিবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কখনোই অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি। বরং নির্বাচিত হলে সব রকমের অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সদস্যদের উপকার হয় এমন কর্মকাণ্ড হাতে নেবেন। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বার সমিতির দায়িত্বে। নির্বাচন পরিচালনার জন্য কমিশনারের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ আইনজীবী এনায়েত হোসেন খান। প্রায় ১০ হাজার আইনজীবী সদস্য এ নির্বাচনের ভোটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২০৫ঘ.