মেহেরপুর, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর শহরের উপকণ্ঠে যাদবপুর গ্রামের একটি মাঠে মাটি খুঁড়ে দুই দিনে অজ্ঞাতপরিচয় দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারস্থলের কাছেই চলছে মাসব্যাপী হাউজি, জুয়া ও লটারি খেলার আসর।
ওই স্থান থেকে শুক্রবার অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধারের পর শনিবার আরো এক অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার হলো।
মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ এ জেড মোর্শেদের উপস্থিতিতে লাশ তোলা হয়।
সদর থানার ওসি রবিউল ইসলাম দুই তরুণীর লাশ উদ্ধারের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, দুজনেরই পরনে সালোয়ার কামিজ ছিলো। পুলিশ তাদের নাম-পরিচয় ও মৃত্যুর কারণ এখনো উদ্ধার করতে পারেনি। তাদের বাড়ি মেহেরপুর জেলার বাইরে হতে পারে।
তিনি জানান, পুলিশের ধারণা কে বা কারা তাদের খুন করে লাশ গুমের জন্য তিনদিন আগে মাটিতে পুতে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24