ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ৮৬তম বার্ষিক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে।
রাজধানীর বকশি বাজারের জাতীয় কার্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, বাহরাইন, বসনিয়াসহ বিভিন্ন দেশের ছয় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের খলিফা হযরত মির্জা মাসরুর আহমেদের প্রতিনিধি মাওলানা মোবাশ্বের আহমদ কাহলুনের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামাতের জাতীয় আমীর মোবাশশের উর রহমান দাবি করেন, আহমদীয়া মুসলিম জামাত ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে কাজ করছে।
তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদের বদলে শান্তির ধর্ম ইসলামের বাণী জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৩টায় বিশেষ অধিবেশন বসবে। এতে ইসলামী চিন্তাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তব্য রাখার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.
bdnews24