২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ মেরামত শুরু

ধসের কারণ খুঁজে বের না করেই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড-পয়েন্ট সংস্কার ও মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 09:57 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধসের কারণ খুঁজে বের না করেই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড-পয়েন্ট সংস্কার ও মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো'র মহাপরিচালক হাবিবুর রহমান শুক্রবার সদর উপজেলার বাঁধ সংলগ্ন গয়লা শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ের এ মেরামত কাজ উদ্বোধন করেন। ২০০৯ সালের বাঁধের নিচের মাটি সরে ১ সপ্তাহের ব্যবধানে প্রায় ১ হাজার ফুট অংশ বিলীন হয়ে যায়। যদিও বাঁধের হার্ড পয়েন্ট নিরাপদ বলে নির্মাণের সময় দাবি করা হয়েছিলো। পাউবো'র মহাপরিচালক সাংবাদিকদের বলেন, "হার্ড-পয়েন্ট ভাঙ্গার সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও সিরাজগঞ্জবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের দপ্তরের পরিকল্পনা অনুযায়ী বাঁধ সংস্কারের কাজ হাতে নিয়েছি।" যমুনার ঘূর্ণাবর্তের কারণেই বাঁধের নিচের মাটি সরে যায় বলে ধারণা করা হচ্ছে। নদীর ঘূর্ণাবর্ত আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলেও জানান হাবিবুর রহমান। আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধ মেরামত করার কথা জানিয়ে পাউবো মহাপরিচালক বলেন, "প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাই অর্থের কোনো সমস্যা হবে না। আরো ৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া রয়েছে। ওই বরাদ্দ পেলে বর্ষার আগেই বাঁধটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাউবো'র রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী সাজ্জাদ করিম চৌধরী, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফজাল হোসেন, সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা, বিআরই (বিশেষায়িত শাখা)'র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর পাউবো দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাইকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড-পয়েন্ট নির্মাণের দায়িত্ব দেয়। ২০০০ সালে যমুনার পশ্চিম পাড়ে প্রায় ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। হার্ড-পয়েন্ট হস্তান্তরের পর প্রতিবছর তা রক্ষণাবেক্ষণের কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে ১০০ বছর মেয়াদকালের এ বাঁধে ১০ বছরেই ধস নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪০ ঘ.