বাগেরহাট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। এ সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত অপর ছয় ব্যক্তিকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম (৩২) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উমাজুড়ি গ্রামের বাসিন্দা।
খালাস পেয়েছেন শহিদুলের বাবা মুজিবর শেখ, ভাই জাহিদুল শেখ, মা মহিতন বিবি, স্ত্রী হাফিজা খাতুন এবং চর কচুড়িয়া গ্রামের আবু শেখ।
মামলার নথি থেকে জানা যায়, বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বানিয়ারী গ্রামের ইলিয়াস মৃধা ২০০৫ সালে উমাজুড়ি গ্রামে মাছ চাষ শুরু করেন। এরপর থেকে শহিদুল ও তার সহযোগীরা বিভিন্ন সময় ইলিয়াসের কাছে মাছ ও টাকা দাবি করে আসছিল।
একই বছরের ১০ ডিসেম্বর ইলিয়াসের ঘেরে এসে শহিদুল চিংড়ি মাছ ও নগদ টাকা দাবি করে না পেয়ে দা দিয়ে কুপিয়ে ইলিয়াসকে হত্যা করে।
এ ঘটনায় ইলিয়াসের ভাই মো.হারুন অর রশিদ বাদী হয়ে একইদিনই সাতজনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম ২০০৬ সালের ২৬ মে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এ মামলায় দশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২০২৫ ঘ.
bdnews24