ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।
তিনি বিচারপতি মো. তাফাজ্জল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার ফজলুল করিমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ নিয়োগ কার্যকর হবে আগামী ৮ ফেব্র"য়ারি থেকে।
বর্তমান প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম ৭ ফেব্র"য়ারি অবসরে যাচ্ছেন।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ফজলুল করিমের অবসরে যাওয়ার কথা।
এর আগে তাকে ডিঙ্গিয়ে তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিলো।
১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর।
ফজলুল করিম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' হন।
১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বিচারপতি করিম ১৯৮২ থেকে '৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।
১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১২১২ ঘ.
bdnews24