কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার মামলায় কিশোরগঞ্জে বুধবার এক জেএমবি নেতার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
দণ্ডিত ওবায়দুল্লাহ সুমন (২৫) জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) কিশোরগঞ্জের আঞ্চলিক কমান্ডার।
তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠালরাজাবাড়ি গ্রামের নুরুল আমিনের ছেলে।
ওবায়দুল্লাহ সুমনের বয়স কম এবং অপরাধ স্বীকার করায় তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন।
এ ছাড়া মামলায় অভিযুক্ত আসামি জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলায় কিশোরগঞ্জ জজ আদালতে দুইটি, ফৌজদারি আদালত প্রাঙ্গণে দুইটি, আন্তঃজেলা বাসস্ট্যাান্ডে একটি এবং শহরের পাবলিক লাইব্রেরি এলাকায় একটি মিলে মোট ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় ব্যক্তি আহত হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইন এবং ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওবায়দুল্লাহ সুমন, শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে এপিপি মনোজ গোস্বামী এবং আসামিপক্ষে মীর ইকবাল হোসেন বিপ্লব মামলা পরিচালনা করেন।
এদিকে আদালতের নথি থেকে আরো জানা যায়, ওবায়দুল্লাহ সুমন অন্য একটি বিস্ফোরক মামলায় বর্তমানে ১৫ বছর সাজা ভোগ করছেন।
ওই মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সনের ১৪ সেপ্টেম্বর নিকলী থানা পুলিশ উপজেলার পূর্বপাড়া গ্রাম থেকে ১২ প্যাকেট পাওয়ার জেল, চার কেজি গান পাউডার ও ৫০টি ডেটোনেটরসহ ওবায়দুল্লাহ সুমনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় ২০০৬ সনের ১৫ জানুয়ারি তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কিশোরগঞ্জের তৎকালীন জেলা ও দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ ওই রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24