২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের পালানো ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে'

যুদ্ধাপরাধীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সেজন্য গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সেজন্য গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণাও দেন তিনি। বুধবার পুলিশ স্টাফ কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাহারা বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। সেই অঙ্গীকার আমরা পালন করবো।" যুদ্ধাপরাধীদের পালিয়ে যাওয়া ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে ইতোমধ্যেই গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, যুদ্ধাপরাধীরা পালাতে চাইলেও পালাতে দেওয়া হবে না। পালাবার কোন পথ খোলা নেই। তিনি বলেন, "কেউ পালিয়ে গেলেও যে তাদের ফিরিয়ে এনে বিচার করা যায়, তার প্রমাণ তো ইতোমধ্যেই সরকার রেখেছে। এরাও পালিয়ে গেলে ফিরিয়ে আনা হবে। বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সভা সম্পর্কে সাহারা জানান, যকোনো বাহিনীর তুলনায় পুলিশকেই জনগণের সঙ্গে সবচেয়ে বেশী সম্পৃক্ত থেকে কাজ করতে হয়। এজন্য এই বাহিনীকে কিভাবে আরো আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা যায়, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ। পুলিশ কর্মকর্তারা জানান, বৈঠকে আগামী অর্থবছর থেকেই পুলিশ কর্মকর্তাদের জন্য স্টাফ কলেজে একটি মাস্টার্স প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সেমিস্টারের একবছর মেয়াদী 'অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট' শীর্ষক এই মাস্টার্স কোর্সে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা ১৩টি বিষয় পড়বেন। চলতি বছরের জুলাই-আগস্ট থেকে প্রথম ব্যাচ শুরু হতে পারে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২১২২ ঘ.