ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে 'হাইটেক পার্ক অথরিটি' গঠন করা হচ্ছে। এ অথরিটি বিভিন্ন জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রক্রিয়া তদারকি করবে।
প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থপতি ইয়াফেস ওসমান।
বুধবার সংসদে লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমানে হাইটেক পার্ক অথরিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"
সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ চয়ন ইসলামের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, গাজীপুরের কালিয়াকৈরে ২৩২ একর জমিতে একটি হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম চলছে। বর্তমানে হাইটেক পার্ক নির্মাণের সহায়ক অবকাঠামো তৈরির জন্য প্রায় ২৭ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
পর্যায়ক্রমে রাজশাহীসহ সব বিভাগে আইটি ভিলেজ বা হাইটেক পার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/২০১২ ঘ.
bdnews24