২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাস আছে, তবু ভরসা পাচ্ছেন না কওমীর শ্রমিকরা

সিরাজগঞ্জের কওমী জুট মিল শিগগিরই চালুর ঘোষণা এলেও হতাশা কাটছে না শ্রমিকদের। আমিনুল ইসলাম খান রানার প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 06:54 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

আমিনুল ইসলাম খান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ধরে বন্ধ 'সিরাজগঞ্জ কওমী জুট মিলস' নতুন করে চালুর ঘোষণা এলেও তা নিয়ে সংশয় কাটছে না শ্রমিকদের। গত ১০ ডিসেম্বর মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী এবং স্থানীয় সাংসদ আবদুল লতিফ বিশ্বাস ২০১০ সালের জানুয়ারির মধ্যে চালুর ঘোষণা দিয়েছিলেন। এর আগে সংসদীয় কমিটিও বন্ধ পাটকলগুলো চালুর সুপারিশ করেছিলো। এ সব কথায় কর্মহীন হয়ে পড়া মিলের শত শত শ্রমিক-কর্মচারীর মধ্যে আশার সঞ্চার হলেও জানুয়ারি মাস শেষ হয়ে এলেও পাটকলটি চালু না হওয়ায় শ্রমিকরা সংশয়ে পড়েছেন। সরকারি পাটকলগুলোর পরিচালনা কর্তৃপক্ষ বিজেএমসি জানিয়েছে, পাটকলটি পুনরায় চালুর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ায় তারা কার্যক্রম শুরু করতে পারছে না। পাটকলটি ঘুরে দেখা যায়, ব্রডলুম ও ন্যারোলুমের ছাদের অনেক স্থানেই মেরামত করা প্রয়োজন। একইসঙ্গে মেরামত করা প্রয়োজন পাট রাখার গুদামও। কওমী জুট মিলসের প্রকল্প প্রধান সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক তাঁতের যন্ত্রাংশে জং ধরেছে এবং হেসিয়ান ও স্যাকিং তাঁতের সঙ্গে যুক্ত চামড়ার অংশ পচে গেছে। কাঁচামাল যেগুলো গুদামে ছিল সেগুলোও এখন অকার্যকর। এমনকি মিলটি আবার চালু করা হবে না ভেবে প্রায় ৭০-৭৫ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হয়।" তিনি জানান, পাট মন্ত্রনালয় বিজেএমসি'র চাহিদা অনুযায়ী কওমী জুট মিলস ও খুলনার পিপলস জুট মিলস পুনরায় চালু করতে প্রায় ১৩ কোটি টাকার বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয় বরাবর ডিও লেটার দিয়েছে। "কিন্তু সে লেটার অর্থ মন্ত্রনালয়ে অনুমোদন হলেও এখনো ছাড় হয়নি এবং তা কবে নাগাদ হবে তাও জানা যায়নি", বলেন সাইদুর। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজেএমসি'র চেয়্যারম্যান তুলশী দাস মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মিল পুনরায় চালুর জন্য বরাদ্দের চাহিদা দিয়েছি, কিন্তু এখনো বরাদ্দ হাতে পাইনি। বরাদ্দ না পেলে চালু করবো কিভাবে?" কওমী জুট মিলসের মজদুর ইউনিয়নের সভাপতি মো. আব্দুল খালেক মনে করেন, পাটকলটি চালু করলে এখনো তা লাভজনক করা সম্ভব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিলটি বেসরকারি খাতে না দিয়ে বরং জরুরিভিত্তিতে বরাদ্দ দিয়ে বিজেএমসি'র মাধ্যমে চালু করলে কর্মহীন হয়ে পড়া শত শত শ্রমিক যেমন বাঁচবে; তেমনি এ জেলার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। কেননা সিরাজগঞ্জে এই মিল ছাড়া উল্লেখযোগ্য তেমন কোন শিল্প প্রতিষ্ঠান নেই।" গত ৩১ ডিসেম্বর প্রাইভেটাইজেশন কমিশনের একটি প্রতিনিধি দল পাটকলটি পরিদর্শন করে। এতে শ্রমিকরা আশঙ্কা করছেন, এটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। খালেক বলেন, "মিলটি চালুর জন্য মন্ত্রীর আশ্বাসে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে প্রাইভেটাইজেশন কমিশনের লোকজন আসায় আমরা আবার হতাশ হয়েছি।" ১৯৬০ সালে সিরাজগঞ্জের রায়পুরে কওমী জুট মিল প্রতিষ্ঠিত হয়। প্রায় ১৯৫ কোটি দেনা হওয়ার পর সরকার ২০০৭ সালের ৩১ জুলাই পাটকলটি বন্ধ করে দেয়। এতে কর্মহীন হয়ে পড়ে প্রায় ২ হাজার শ্রমিক-কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৪৫ ঘ.