২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল স্ট্যাম্প ও অবৈধ মোবাইল সেট আটক

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া বিমানবন্দর থেকে ৪০ লাখ টাকার অবৈধ মোবাইল সেট আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 06:11 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া বিমানবন্দর থেকে ৪০ লাখ টাকার অবৈধ মোবাইল সেট আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। র‌্যাব-৩ উপ পরিচালক মেজর এম এম শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিঝিলের একটি চক্র ভুয়া স্ট্যাম্প এবং কোর্ট ফি বিক্রির ব্যবসা করছে বলে আমাদের কাছে অভিযোগ ছিলো। মঙ্গলবার দুপুরে ১২ হাজার টাকার স্ট্যাম্প ১২শ' টাকায় কেনার কথা বলে দুই জাল স্ট্যাম্প ব্যবসায়ীকে গ্রেপ্তার করি।" গ্রেপ্তারকৃতরা হলো- নুরুল আলম মজুমদার (৪৫) ও শাকিল আহমেদ (২২)। তাদের কাছ থেকে ২০ লাখ টাকার ভুয়া স্ট্যাম্প, কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা শফিকুর। গ্রেপ্তারকৃত নুরুল আলম জানান, সরোয়ার নামের একজন ব্যক্তির কাছ থেকে প্রতিটি ২০০ টাকার স্ট্যাম্প ২০ টাকায় কিনে ৩০/৪০ টাকা করে বিক্রি করতেন তিনি। এদিকে অবৈধভাবে পাচারের সময় সোমবার রাতে বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা তিন ব্যাগ ভর্তি মোবাইল সেট আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সহকারী শুল্ক কমিশনার আসাদুজ্জামান রিপন বলেন, "সোমবার রাত সাড়ে ১০টার দিকে একজন ব্যক্তিকে দ্রুত কয়েকটি ব্যাগ নিয়ে পার্কিংয়ের দিকে যেতে দেখা গেলে কাস্টমস এর সন্দেহ হয়। তবে পরে সে ব্যাগগুলো ফেলেই পালিয়ে যায়।" পরে ব্যাগ তল্লাশি করে ১৪২০ পিস মোবাইল সেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা রিপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/১২০৮ ঘ.