সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি মহাজোটে থেকে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে শরীক হতে চায় বলে জানালেন পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুরে সাবেক রাষ্ট্রপতি তার বাসভবন 'পল্লী নিবাস' এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, "সংবিধানে বিসমিল্লাহ রাখা হবে। সেইসঙ্গে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামও থাকবে। এর সঙ্গে দেশের মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। তাই সংবিধান থেকে এসব বাতিল করা হবে না।"
বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন এরশাদ। বিদেশে পালিয়ে থাকা অন্য খুনীদের দেশে এনে রায় কার্যকর করা হবে বলেও তিনি জানান।
সন্ধ্যায় এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদ চার দিনের সফরে সড়ক পথে রংপুর পৌঁছান।
এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর পৌর সভার মেয়র আব্দুর রউফ মানিক প্রমুখ নেতাসহ পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাদের স্বাগত জানান ।
সিরাজগঞ্জে বক্তব্যদান
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, এর আগে রংপুরের পথে দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
এখানে তিনি মহাজোট সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। জাপা প্রধান বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ওএমএস পদ্ধতি চালু হয়েছে।
সরকার আগামীতে আবার রেশন প্রথা চালুর চিন্তা-ভাবনা করছে বলেও উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি।
এরশাদ বলেন, "মহাজোট ক্ষমতা গ্রহণের সময় দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নগ্ন দলীয়করণ চলছিল। ইতোমধ্যেই তা থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে।"
তার প্রবর্তিত উপজেলা পদ্ধতি সঠিক ছিল দাবি করে এরশাদ বলেন, "আগামীতে উপজেলা পরিষদকে সরকার আরও কার্যকর করবে বলে আশা করি।"
সরকার ইতোমধ্যেই মহাজোটের শরিক দলগুলিকে মূল্যায়ন করা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন সাংসদ রওশন এরশাদ, কেন্দ্রীয় জাপা নেতা মোহাম্মদ খালেদ, আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৪৯ ঘ.
bdnews24