২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন আয়োজন

জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত জলাভূমি সংরক্ষণের লক্ষ্যে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা দরকার। এব্যাপারে জনসাধারণকেও সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতন করে তোলা জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 06:58 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত জলাভূমি সংরক্ষণের লক্ষ্যে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা দরকার। এব্যাপারে জনসাধারণকেও সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতন করে তোলা জরুরি। মঙ্গলবার 'জলবায়ু সঙ্কট প্রশমনে চাই জলাভূমির প্রসারণ' শীর্ষক এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। জলাভূমির বিচক্ষণ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তারা আরও বলেন, এর ওপর এখনও উপকূলীয় জনগোষ্ঠী নির্ভরশীল। বিশ্ব জলাভূমি দিবস ২০১০ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে বেসরকারি সংস্থা প্রগতি'র আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতির সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। 'সামাজিক আন্দোলনের মাধ্যমে জলাভূমির সংরক্ষণ এবং বিচক্ষণ ব্যবহার নিশ্চিতকরণ' শীর্ষক জাপান সরকারের আর্থিক অনুদানে পরিচালিত প্রকল্পটি প্রগতি বাংলাদেশ উপকূলীয় উন্নয়ন সহযোগী সিডিপি'র মাধ্যমে বাস্তবায়ন করছে। মতবিনিময়ে বলা হয়, বাংলাদেশ নদী ও জলাভূমির দেশ হওয়ায় জলাভূমি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক রামসার চুক্তির বাস্তবায়ন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনে সাতক্ষীরায় কর্মরত সংবাদকর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে জলাভূমি দিবস উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০৫৫ঘ.