কক্সবাজার, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে কক্সবাজারে।
অপর দুই আসামি হলেন- পত্রিকাটির প্রকাশক মোহাম্মদ হাসমত আলী ও বিশেষ প্রতিবেদক জাহেদ চৌধুরী।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ সাংসদ আবদুর রহমান বদি'র ভাই আমিনুর রহমান প্রকাশ আবদুল আমিন বাদী হয়ে মঙ্গলবার এক কোটি টাকা মানহানির এ মামলাটি দায়ের করেন।
কক্সবাজারের বিচার বিভাগীয় হাকিম সাহেদুল করিম মামলাটি গ্রহণ করে তিন বিবাদীকে সমন জারির নির্দেশ দেন এবং আগামী ১ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ৩০ জানুয়ারি দৈনিক আমার দেশ পত্রিকায় 'দিন বদলের চাঁদাবাজি/টেকনাফে এমপি বদির নামে চাঁদা আদায়' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মানহানির উদ্দেশ্যে তাকে, তার বড় ভাই আবদুর রহমান বদি এবং উখিয়া-টেকনাফে তাদের রাজনৈতিক সহযোগীদের হেয় প্রতিপন্ন করার জন্যই সংবাদটি প্রকাশ করা হয়েছে।
সাংসদ আবদুর রহমান বদি টেকনাফ স্থল বন্দর, হাটবাজার, ঠিকাদারি, ট্রান্সপোর্ট, পর্যটকবাহী জাহাজ, টার্মিনাল, জেটিসহ সীমান্ত চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে।
মামলায় সাংসদ আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগের ১১ নেতা-কর্মীকে সাক্ষী করা হয়েছে।
এই মামলায় বিশেষ প্রতিবেদক জাহেদ চৌধুরীকে প্রধান বিবাদী, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীকে ক্রমান্বয়ে বিবাদী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.
bdnews24