ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা ২২টি মামলা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
একই সঙ্গে ওই মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতেও সরকারকে আদেশ দেওয়া হয়েছে।
মাহমুদুর রহমানের রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেয়।
একই অভিযোগে একাধিক মামলার বৈধতা চ্যালেঞ্জ করে মাহমুদুর রিট আবেদনটি করেন।
তবে আদালত প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরীর দায়ের করা মামলার ওপর স্থগিতাদেশ দেয়নি।
এ প্রসঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই মামলার কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে।"
গত ১৭ ডিসেম্বর আমার দেশ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ এবং উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী ঘুষ নিয়ে বিনা দরপত্রে ৩৭০ কোটি টাকার একটি কাজ যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনকে পাইয়ে দিয়েছেন।
এরপর মাহমুদুর রহমান এবং আমার দেশ প্রকাশক হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর বিরুদ্ধে মানহানির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ২৪টি মামলা হয়।
গত ১৯ জানুয়ারি তৌফিক ই ইলাহী নিজে বাদি হয়ে ঢাকার হাকিম আদালতে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24