২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কলমবিরতি

সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে কথিত মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে রংপুর উপজেলা পরিষদের সব বিভাগের সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা পূর্ণ দিবস কলমবিরতি কর্মসূচি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 05:44 AM

Updated : 24 Aug 2022, 06:32 PM

রংপুর, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে কথিত মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে রংপুর উপজেলা পরিষদের সব বিভাগের সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা পূর্ণ দিবস কলমবিরতি কর্মসূচি পালন করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং কর্মকর্তাদের যথাযথ নিরাপত্তা দেয়ার দাবিও জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সব বিভাগের কর্মকর্তারা নিজ নিজ অফিসে অবস্থান করলেও সব দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। ইউএনও মোস্তাইন বিল্লাহ জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার একই দাবিতে সব কর্মকর্তা-কর্মচারিরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া বুধবার রংপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে মোস্তাইন বিল্লাহ জানান। গত ২৭ জানুয়ারি রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সেচ কমিটির সভা ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অভিযোগ, ওই সভার মধ্যেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না ও আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান বাবুর নেতৃত্বে কয়েকজন মিলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আযমকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান মুন্না ও আওয়ামী লীগ নেতা বাবু এই অভিযোগ অস্বীকার করেন। তারা পাল্টা অভিযোগ করেন, সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগ দেওয়ার নামে আলী আযম ও মোস্তাইন বিল্লাহ উৎকোচ নিয়ে অব্যবসায়ীদের ডিলারশিপ দিয়েছে। প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/জিএনএ/১১৩০ ঘ.