নওগাঁ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু মারা গেছে।
শুক্রবার বিকালে নওগাঁ শহরের পাটালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাব্বানী (৮) জেলার মান্দা উপজেলার ঈশ্বরলক্ষ্মীপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
সে বৃহস্পতিবার শহরের পাটালির মোড়ে তার মামার বাড়ি বেড়াতে এসেছিলো।
নওগাঁ সদর থানার ওসি আহম্মেদ আলী হাশমি সাংবাদিকদের জানান, বিকাল ৫টার দিকে রাব্বানী রাস্তা পার হচ্ছিলো। এ সময় দুবলহাটি থেকে নওগাঁমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় পড়ে রাব্বানী মাথায় আঘাত পায় এবং তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।
ওসি জানান, স্থানীয়রা নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
পুলিশ অটোরিকশাটি আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24