ঠাকুরগাঁও, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৈত্রিক জমি নিয়ে বিরোধে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধা মারা গেছেন। আহত হয়েছেন আরো আটজন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে উপজেলার বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জলিমন বেওয়া (৮০)।
আহত মিজানুর রহমান (৩০), কামাল হাসান (২৪), মুন্সুরা বেগম (৪৫), আমির হোসেন (৪৭), আইনুল হক (৪৮), চোখা আলী (৩০), জলিতন (৩৫) ও জলিলকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মিজানুর ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৈত্রিক ৫২ শতক জমি নিয়ে বহরমপুর গ্রামের মিজানুরের সঙ্গে তার চাচাতো ভাই আইনুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
তিনি বলেন, "ওই বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে সংঘাত বাধে। এ সময় লাঠির আঘাতে আইনুল হকের মা জলিমন মারা যান।"
ওসি হুমায়ুন আরো জানান, এ ঘটনায় দায়ের মামলায় মিজানুর ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৯০৪ ঘ.
bdnews24