বরিশাল, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের আগৈলঝারা উপজেলায় খাবারে সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে দুই পরিবারের নগদ অর্থসহ জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা।
পরিবার দুটির ১০ সদস্যকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার শূন্যশ্রী গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আসমান ফকির (৭৫) স্থানীয় সাংবাদিকদের জানান, তার ও নূর মোহাম্মদ ফকিরের ঘরে ঢুকে দুর্বৃত্তরা রাতের খাবারে চেতনাশক দ্রব্য মিশিয়ে রাখে।
ওই খাবার খেয়ে তিনি, তার ছেলে রিপন ফকির (২৮), ছেলে বউ সোনিয়া বেগম (২০), টুলু বেগম (২৫), জ্যোতি (১১) ও নুর মোহাম্মদ ফকির (৫০), আরিফ সরদার (৩০), লিমা আক্তার (১৫), লিমন ফকির (১২) ও ইয়াসমিন (২০) অজ্ঞান হয়ে যায়।
অনেক বেলা পর্যন্ত দুই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এরমধ্যে শুধু তার জ্ঞান ফিরেছে, অন্যরা এখন পর্যন্ত অজ্ঞান রয়েছে বলে আসমান ফকির জানান।
দুর্বৃত্তরা কি কি নিয়ে গেছে সেটা তিনি জানাতে পারেননি।
আগৈলঝারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো ইদ্রিস জানান, থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সকলে অজ্ঞান থাকায় কিছু জানতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24