নারায়ণগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃহস্পতিবার রাতে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের হামলায় আহত হয়েছে তিনজন। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলিশের একটি পিকআপ ভ্যান ডাকাতদের কবলে পড়লে পুলিশ ফাঁকা গুলি করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সদর ইউনিয়নের কামরানীর চর গ্রামে রাত ১২টার দিকে পৃথক তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে কামরানীর চর গ্রামে কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়ির কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ডাকাতরা।
বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতরা আলমগীর, তার ছোট ভাই সাদ্দাম হোসেন ও খালাতো ভাই ওয়াদুদকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাদের হাত-পা বেঁেধ বাড়ির পাশের কালি মন্দিরে নিয়ে ফেলে রাখে। ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে।
ডাকাতেরা আলমগীরের বাড়ি থেকে এক লাখ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর ডাকাতেরা একই গ্রামের পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লোকনাথ দাসের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১১ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা লুট করে।
লোকনাথের প্রতিবেশী স্বপ্না রাণী দাসের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে পাশ্ববর্তী কালি মন্দিরে নিয়ে ফেলে রাখে। ডাকাতেরা তার ঘর থেকে ১২ আনি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
অপরদিকে রাত ১টার দিকে উপজেলা সদরের মাছ ব্যবসায়ী ফসিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া পল্লী বিদ্যুতের লাইনম্যান শাহজাহান মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ডাকাতরা। তার নগদ ৬৮ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার লুট করে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) জাহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের ইলুমদি এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। ডাকাতেরা যাত্রীবাহী পিকআপ ভ্যান ভেবে রাস্তায় খড়ে স্তুপ ফেলে পুলিশের একটি পিকআপকে আটকায়। পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।
খড়ের স্তুপ পুড়িয়ে ফেলার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।
অন্যদিকে অটোরিকশা ও রিকশার যাত্রী খাগকান্দা ইউনিয়নের সাব্বির ও হাসান জানান, উপজেলার উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা এলাকায় হাজী বেলায়েত হোসেন কলেজের সামনের সড়কে রাত সাড়ে ১২টার দিকে ডাকাতরা তাদের গতিরোধ করে। তারা যাত্রীদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, এলাকার শতকরা ৬০ ভাগ তাঁত (পাওয়ারলুম) কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। এ কারণে অপরাধ বৃদ্ধি পেয়েছে।
ডাকাতি করা মালামাল ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24