২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ফল জেনে ফেরার সময় কিশোর নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় এক ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। নিহত পান্থ দাশ (১৩) ফৌজদার হাট কেএম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে তৃতীয় স্থান লাভ করে সে। পরীক্ষার ফল জেনে বাড়ি ফেরার সময় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঢাক-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপার গুরুতর আহত হয় পান্থ দাশ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্ধ্যায় সে মারা যায়। সে সীতাকুণ্ডের ছলিমপুর জেলেপাড়া এলাকার হরিদাশ পালের ছেলে। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষায় ভালো ফলের খুশিতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দৌড়ে সড়ক পার হতে গিয়ে ছেলেটি কার্ভাড ভ্যানের নিচে চাপা পরে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে জানিয়ে সার্জেন্ট কবির বলেন, "চালক পলাতক রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২২৫৮ ঘ.